দিনাজপুরে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ১০ জন আটক
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুর শহরের লিলিমোড় (পাহাড়পুর) এলাকায় কোতয়ালী থানার পুলিশের অভিযানে ৪ নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যরাতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মৃত নুরুল হুদার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন: পাহাড়পুর এলাকার মৃত নুরুল হুদার পুত্র আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), ঈদগা আবাসিক এলাকার মৃত শামসুর রহমানের পুত্র গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ (৩২), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ পারভেজ আলম রাজু (২১), কাহারোল উপজেলার গড়নরপুর গ্রামের বাসিন্দা বিষ্ণু রায় (২৬), সদর উপজেলার পুলহাট মাঝিপারা এলাকার বাসিন্দা শামিম হোসেন (৪৫), কাহারোল উপজেলার পূর্ব সাদীপুর গ্রামের বাসিন্দা রুবেল ইসলাম (৩৫), সদর উপজেলার মাধবপুর এলাকার বাসিন্দা জবা চৌধুরী সারা (১৮), লালমনিরহাটের মিশন মোড় এলাকার বাসিন্দা রিমি বেগম (২৩), লালমনিরহাটের বাসিন্দা মনি আক্তার (১৮), লালমনিরহাটের খানাপারা রেলওয়ে কলোনির বাসিন্দা নিলিমা ইসলাম (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল, ৭টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং নগদ ১ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা অসামাজিক ও অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের পরদিন শনিবার (২৬ এপ্রিল) দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































